ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

সিলেটে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ জুন ২০২০ | ১৩:৩৬

সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আরও ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলায় ৮১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ২২ জনের করোনা শনাক্ত হয়। সবমিলে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৯১১ জন। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৩ জন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে সুনামগঞ্জের আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুনামগঞ্জে করোনা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯১০ জন। 

এদিন ঢাকার একটি ল্যাব থেকে হবিগঞ্জে আরও ৩০ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, চুনারুঘাটের ২৩ জন ও বাহুবলের ৩ জন রয়েছেন। এই জেলায় মোট করোনা আক্রান্তের এখন ৫২২ জন। 

এদিকে মৌলভীবাজারে নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে জুড়িতে ৯ জন, কুলাউড়ায় ৫ জন, রাজনগর ও কমলগঞ্জে ৩ জন করে এবং বড়লেখায় ২ জন রয়েছেন। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, পুরো বিভাগে ৯৩৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। বর্তমানে ২৪৩ জন চার জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার একজন নারীকে নিয়ে চার জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১ জন।

আরও পড়ুন

×