কেরানীগঞ্জে ইউএনও ও তার স্ত্রীসহ আরও ৩২ জন করোনায় আক্রান্ত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০০:৪০ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৪:৩২
ঢাকার কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ ও তার স্ত্রীসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৬ জনে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় করোনা কন্ট্রোল রুম কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবির
গত ১২ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড সানজিদা আব্দুল্লাহ তিন্নির করোনা শনাক্ত হয়। এছাড়া গত ১৫ মে কেরানীগঞ্জ মডেল থানার এসিল্যান্ড কামরুল হাসান সোহেলের করোনা শনাক্ত হয়। এপর্যন্ত আক্রান্ত ৯১৬ জনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজন, প্রকল্প কর্মকর্তা একজন, চিকিৎসক ১৪ জন, নার্স ১৭ জন, স্বাস্থ্যকর্মী ১৮ জন, র্যাব সদস্য ৪৬ জন, পুলিশ ৪৫ জন এবং প্রশাসনিক কর্মচারী রয়েছেন ১৩ জন।
কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১২টি ইউনিয়নের মধ্যে জিনজিরা ও কালিন্দীসহ সাতটি ইউনিয়নকে রেড জোন, কলাতিয়া ও তারানগরসহ তিনটি ইউনিয়নকে ইয়োলো জোন এবং হযরতপুর ও তেঘুরিয়া ইউনিয়নকে গ্রিন জোন ঘোষণা করেছে প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ৩৪৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত কেরানীগঞ্জে করোনা আক্রান্ত ২১ জন রোগী রাজধানীর মিটফোর্ড, মুগদা, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা ও কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।