গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ
প্রতীকী ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ১০:২৩ | আপডেট: ২৬ জুন ২০২০ | ১০:২৬
গোপালগঞ্জে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি সদর উপজেলার এ ঘটনায় বুধবার আট বছর বয়সী ওই শিশুর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রাথমিকভাবে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।
ওই শিশুর মা জানান, তিনি গ্রামের মধ্যে একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। গত ২৩ জুন সকাল ৬ টার দিকে তিনি প্রতিবন্ধী মেয়েকে ঘরে রেখে কর্মস্থলে চলে যান। প্রতিবেশী খোকা খানের ছেলে বখাটে রইচ খান (৩৩) তার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে ঘর থেকে পাশ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
মা কর্মস্থল থেকে ফিরে মেয়ের কাছে এ ঘটনার বর্ণনা শুনে পুলিশকে জানান। পরের দিন তিনি বাদী হয়ে রইচকে আসামি করে গোপালগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই গোলাম কিবরিয়া বলেন, ২৩ জুন রাতে খবর পেয়ে আমরা ওই শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। ইতিমধ্যে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বলেন, পরীক্ষার পর প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আমরা দ্রুত এ রিপোর্ট দিয়ে দেব।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবু নাঈম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রইচকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- গোপালগঞ্জ