চট্টগ্রামে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন তিন কর্মকর্তা
কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন চট্টগ্রামের তিন কর্মকর্তা- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০৭:৪৯
কাজের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের তিন কর্মকর্তাকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসন চট্টগ্রামের জেলা নাজির মো. জামাল উদ্দিন।
বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘করোনার এমন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সকল সহকর্মী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যখন যেখানে প্রয়োজন হচ্ছে ছুঁটে যাচ্ছেন। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। সবাই দিনরাত কঠোর পরিশ্রম করছেন। এজন্য জেলা প্রশাসনের সকল সহকর্মীরাই এ পুরস্কার পাওয়ার যোগ্য। দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন করোনায় আক্রান্তও হয়েছেন। অনেকে আক্রান্ত থেকে সুস্থ্য হয়ে আবারও করোনা যুদ্ধে নিজেকে নিবেদিত করছেন। জেলা প্রশাসনের কাজের এই ধারা সবাইকে অব্যাহত রাখতে হবে।’
পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘সততা, স্বচ্ছতা আর জবাবদিহিতা নিয়ে সারাজীবন মানুষের জন্য কাজ করে যেতে যাই। একজীবনে মানুষের দোয়ার চেয়ে বড় অর্জন আর হতে পারেনা। নিঃসন্দেহে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অনেক বড় পাওয়া। আগামীর পথকে পাড়ি দিতে এই পুরস্কার ভূমিকা রাখবে।’
জেলা নাজির মো. জামাল উদ্দিন বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় আমি আনন্দিত। এই পুরস্কার আগামীতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে সাহস জুগাবে। এমন পুরস্কারের জন্য জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
- বিষয় :
- চট্টগ্রাম