ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঝিনাইদহের ভারত সীমান্তে যুবকের আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের ভারত সীমান্তে যুবকের আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার
×

ছবি-সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ১৩:৫২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ | ১৩:৫৪

ঝিনাইদহের মহেশপুর এলাকায় ভারতীয় সীমান্তের ভেতরে এক বাংলাদেশির আঘাতপ্রাপ্ত মরদেহ পাওয়া গেছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি বিজিবি। 

জানা যায়, ভারতের মধুপুর এলাকা এবং এর বিপরীতে বাংলাদেশের গোপালপুর গ্রাম ও ৪৮ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় মরদেহটি পাওয়া যায়। 

বিভিন্ন সূত্রে জানা যায়, গেল রাতে চোরাকারবারের জন্য কিছু বাংলাদেশি মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকা সংলগ্ন গোপালপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সেসময় কয়েকজন চোরাকারবারীর সঙ্গে বিএসএফ এর বাকবিতণ্ডা হয়। এরপর সীমান্তের ওপারে কারো দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়। পরে আজ সকালে সীমান্তের ভারতের অভ্যন্তরে কাটাতারের ওপারে আঘাতপ্রাপ্ত এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। 

বিষয়টি নিয়ে ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সকাল ১০টার দিকে বিএসএফ মারফত আমরা জানতে পারি সীমান্তের ৪৮ নম্বর পিলার হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। তবে ভারতের অভ্যন্তরে হওয়াই তার পরিচয় আমরা জানতে পারিনি। পরবর্তীতে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানালে তখন বিস্তারিত জানা যাবে। 

স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, মৃতদেহটি গোপালপুর গ্রামের ওবায়দুলের বলে আমরা জেনেছি। ঘটনাটি রাত ১ টার দিকে ঘটে। সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তবে কারা তাকে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারিনি। 
 

আরও পড়ুন

×