পাবনায় ২৪ ঘণ্টায় করোনায় আরও দু'জনের মৃত্যু
পাবনা অফিস
প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ১২:২৫
পাবনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১১০ জন। রোববার রাতে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া দু'জন হলেন- পাবনা সদর উপজেলার শালগাড়িয়া মহল্লার আইয়ুব আলী (৫৫) ও শিবরামপুর মহল্লার মো. সালাউদ্দিন (৫৬)। তারা দুজন ব্যবসায়ী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের মধ্যে আইয়ুব আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে ও মো. সালাউদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ১০ জন এবং জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৮ জন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মো. সালাউদ্দিন বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১৬ জুন তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে করোনা পজিটিভ শনাক্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে রোববার দুপুরে তিনি মারা যান। অন্যদিকে আইয়ুব আলী জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে ২৬ জুন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।
আইয়ুব আলীর শ্যালক ফয়সাল ইসলাম জানান, মৃত দু'জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একসঙ্গে ব্যবসা করতেন। তবে করোনা সংক্রমণ শুরুর পর থেকে তাদের দেখা হয়নি। তারা আলাদাভাবে করোনা সংক্রমিত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় কোনো পিসিআর ল্যাব না থাকায় ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ল্যাবে নমুনার চাপ বেশি থাকায় পরীক্ষার ফলাফল পেতে কিছুটা বিলম্ব হয়। এ পর্যন্ত ৬ হাজার ১৩৮টি নমুনা দিয়ে ৪ হাজার ৭৬৬টির ফলাফল পাওয়া গেছে। এ থেকে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৮ জন।
একটি সূত্র জানায়, গত ৭ দিনে পাবনার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। নমুনাজটের কারণে নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করার বক্স না থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। সর্বশেষ রোববার সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে জেলার ঈশ্বরদীতে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২৬ জন। তারা সবাই নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করিয়েছেন। আর বাকি ৮৪ জনের মধ্যে রাজশাহী ল্যাবে ০৮ জন এবং ঢাকা ল্যাবে ৭৬ জনের করোনা শনাক্ত হয়।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, মোট শনাক্ত বিবেচনায় জেলা সদর ও সুজানগর উপজেলাকে 'রেড জোন' ঘোষণা করা হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ১৪৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে ১২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদের শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর মে মাসের শেষ দিন পর্যন্ত দেড় মাসে ৩৬ জন শনাক্ত হন। জুলাইয়ের এসে এই সংখ্যা ৫৫৮ জনে পৌঁছাল।