নওগাঁয় ৩ জনের মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৬:২৭ | আপডেট: ০৮ জুলাই ২০২০ | ০৭:৩১
নওগাঁয় পৃথক স্থান থেকে দুই স্কুলছাত্রী ও এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে আত্রাই উপজেলার পীরপাড়া গ্রামের বিপুল চন্দ্রের মেয়ে ও শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বৃষ্টিকে (১৫) শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার দুপুর ২টার দিকে ধামইরহাট উপজেলার মালাহার গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে ও ধামইরহাট সুফিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সিদরাতুল মুনতাহাকে (১৫) নিজ ঘরের সেলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। খবর পেযে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রানীনগর রেল স্টেশনের অদূরে চকের ব্রিজের কাছে রেল লাইনের পাশ থেকে বুধবার সকালে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি মো. মঞ্জের আলী বলেন, লাইনের পাশ দিয়ে চলার সময় হয়তো ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা গেছেন ওই নারী। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
- বিষয় :
- নওগাঁ
- মরদেহ উদ্ধার
- রাজশাহী