মা-বাবাকে ‘শিক্ষা’ দিতে শিশু সাদিয়াকে হত্যা করেন পারভীন
শিশু সাদিয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৭:২১ | আপডেট: ০৮ জুলাই ২০২০ | ০৮:০০
পারভীনের দুই সন্তানের সঙ্গে ‘দুর্ব্যবহার’ এবং তার স্বামীকে বস্তির সামনে দোকান বসাতে বাধা দেয় শিশু সাদিয়ার পরিবার। এই তুচ্ছ ঘটনায় শিশুটির মা-বাবাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করেন গৃহবধূ পারভীন। এরপর সুযোগ বুঝে ব্লেড দিয়ে চার মাস বয়সী শিশুটিকে গলাকেটে হত্যা করেন তিনি।
গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি বর্ণনা দিয়েছেন নির্মম সেই হত্যাকাণ্ডের। রাজধানীর আদাবরে শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
বুধবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, গত ৩ জুলাই বেলা ১২টার দিকে উত্তর আদাবরের ৩৮/১০ নম্বর পানির পাম্প এলাকায় চার মাস বয়সী এক শিশুকে গলাকেটে হত্যার খবর পায় পুলিশ। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে।
অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পর্কে উপ-কমিশনার বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে গত ৫ জুলাই শিশুটির প্রতিবেশী পারভীনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত ব্লেডটি উদ্ধার করে পুলিশ।
হত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, পাঁচ মাস আগে পারভীন ঢাকায় আসেন। তার স্বামী একজন রিকশাচালক। আর সাদিয়ার বাবা দিনমজুর, শিশুটির দাদা ওই বস্তির ম্যানেজার। লকডাউন চলাকালে পারভীনের স্বামীকে বস্তির সামনে দোকান বসাতে দেননি শিশুটির দাদা। এতে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। এর সঙ্গে যুক্ত হয় আরেকটি বিষয়। পারভীনের ভাষ্য, তার দুই সন্তান সাদিয়াদের ঘরে গেলে তার মা-বাবা গালাগাল ও মারধর করতেন। এ নিয়ে বাকবিতণ্ডায় ক্ষোভ দানা বেঁধে ওঠে পারভীনের ভেতর। ঘটনার দিন তিনি ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে গলাকেটে হত্যা করেন। দ্রুতই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
উত্তর আদাবর বাজার সংলগ্ন বস্তির টিনসেড ঘরে গত ৩ জুলাই দুপুরে শিশু সাদিয়ার গলাকাটা লাশ পাওয়া যায়। শিশুটিকে ঘরে রেখে তার মা মুর্শিদা বেগম রান্নাঘরে গিয়েছিলেন। ফিরে দেখেন সন্তানের রক্তাক্ত নিথর দেহ। এ ঘটনায় শিশুটির বাবা শাহজাহান বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।
- বিষয় :
- শিশু সাদিয়া
- হত্যা
- আদাবর