ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ধর্মপাশায় আ'লীগ নেতার অশোভন আচরণের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ধর্মপাশায় আ'লীগ নেতার অশোভন আচরণের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
×

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৮:০৯

উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপের বিরুদ্ধে হয়রানি, অশোভন আচরণ ও হামলার বিচারের দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়  মানবন্ধন করেছেন সাংবাদিকরা।

বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান। 

সাংবাদিকরা বলেন, গত রোববার সুনামগেঞ্জর শাল্লা থেকে কিনে আনা নিম্নমানের মোটা ধান অবৈধভাবে ধর্মপাশা খাদ্যগুদামে প্রবেশের চেষ্টা চালান দিলীপ মজুমদারের ছোট ভাই সম্রাট মজুমদার। এ সময় কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিষয়টি ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইসহাক মিয়া ও সাধরণ সম্পাদক এমএমএ রেজা পহেলসহ স্থানীয় কয়েকজন সাংবাদিককে জানালে তারা বিষয়টি দেখতে সেখানে যান। এ সময় দেখা যায়, সম্রাট মজুমদার একটি বাল্কহেড নৌকায় করে ৫৬ জন কৃষকের ধান নিয়ে এসেছেন। ৫৬ জন কৃষকের ধান দেওয়ার জন্য ৫৬ জন কৃষক কার্ড নিয়ে আসবে কি না সাংবাদিকরা জানতে চাইলে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) সুজন চন্দ্র রায় বলেন, ‘কার্ডগুলো সে (সম্রাট) কৃষকদের ম্যানেজ করে এনেছে। এটাতে আর অসুবিধা নেই।’ এছাড়া তিনি জানান, ৫৬টি কার্ডের মধ্যে ২০টি কার্ড পেয়েছেন এবং বাকি কার্ডগুলো সম্রাট পরে দেবেন। সাংবাদিকরা কৃষকদের উপস্থিতিতে ধান নেওয়ার জন্য ওসিএলএসডিকে বললে সম্রাট মজুমদার এসে সাংবাদিকদের হুমকি দেন। পরে সম্রাট তার ভাই দিলীপ মজুমদারকে খবর দিলে তিনিও খাদ্যগুদামে এসে সাংবাদিকদের গালমন্দ, হুমকি ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। দিলীপ মজুমদারের উপস্থিতিতে সম্রাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএমএ রেজা পহেলকে ধাক্কা দেন। এ সময় সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ নেতা ও তার ভাই অশোভন আচরণ করায় ওসিএলএসডি দুঃখ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পরদিন সমকালসহ বিভিন্ন জাতীয় ও কয়েকটি স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। মঙ্গলবার দিলীপ মজুমদার কিছু স্থানীয় নাম সর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের সাংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেন।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএমএ রেজা পহেল বলেন, ‘দিলীপ মজুমদার তার লিখিত বক্তব্যে লাঠি দিয়ে পিটিয়ে সাংবাদিকদের পুলিশে দেওয়ার কথা বলেছেন। যা সত্যিই দুঃখজনক।’

আরও পড়ুন

×