চুনারুঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৯:২৩
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে আমু চা বাগানের সাঁওতাল ল্যান্ড বাঁশ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বকুল মিয়া (৪৫) উপজেলার ঝুরিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ বকুলের বড় ভাই ফজলু মিয়া ও তার ছেলে ফয়সল মিয়াকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ঝুরিয়া গ্রামের বকুল মিয়া ও তার বড় ভাই চিমটিবিল গ্রামে বসবাসকারী ফজলু মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার বিকেলে ফজলু মিয়া ও তার ছেলে ফয়সল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ফজলু ও তার ছেলে মিলে বকুলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে চা বাগানের শ্রমিকদের সহায়তায় পুলিশ বকুলকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাস জানান, এ ঘটনায় পুলিশ ফজলু মিয়া ও তার ছেলে ফয়সল মিয়াকে আটক করেছে।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
- চুনারুঘাট
- সিলেট
- হবিগঞ্জ