বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৯:৩২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় আনিছুল হক নান্টু (৫৭) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই হাসপাতাল সহকারি নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
আনিছুল হক নান্টু শহরের চকলোকমান এলাকার বাসিন্দা। তিনি বগুড়ায় জনতা ব্যাংক সপ্তপদী শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তার ছোট ভাই শাকিল জানান, গত ২৫ জুন নমুনা পরীক্ষায় আনিছুল হক নান্টুর করোনা পজিটিভ আসে। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেহে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক হারে কমতে থাকে। উন্নত চিকিৎসার জন্য গত ১ জুলাই তাকে ঢাকায় শমরিতা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে বগুড়ায় এনে বুধবার বিকেল ৪টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।