সিলেট ও সুনামগঞ্জে আরও ৬৬ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ১০:৪০
সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়। এদের নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫২০ জন।
বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, নতুন করোনা আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (শাবি) ল্যাবে ৩২ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ২০ জন সুনামগঞ্জ জেলার এবং ১২ জন সিলেট জেলার বাসিন্দা। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানিয়েছেন, এদিন ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ ও শাবির ল্যাব মিলে সিলেট জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ৪৬ জন। ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৭৩ জন।
অন্যদিকে, সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা এক হাজার ১৩৮ জন। এদিন হবিগঞ্জ ও মৌলভীবাজারে কারও করোনা শনাক্ত হয়নি। এই দুই জেলার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এক হাজার ৯৮২ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে ২৩৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
- বিষয় :
- সিলেট
- করোনার প্রাদুর্ভাব
- আক্রান্ত