তালতলীতে করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৩:৩৮
বরগুনার তালতলীতে করোনার উপসর্গ নিয়ে ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সদর রোডস্থ ভাই ভাই আবাসিক হোটেলে তিনি মারা যান।
মৃত ইদ্রিসুর রহমানের বাড়ি পাথরঘাটা উপজেলার লাঠিমারা এলাকায়। তিনি তালতলী উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
স্থানীয়রা জানায়, মৃত ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনা বাহিনীর মেডিকেল কোর এ চাকুরী করতেন । অবসরে যাওয়ার পর ২০০৭ সাল থেকে তিনি তালতলী উপজেলায় পল্লী চিকিৎসক হিসেবে মানুষের সেবা দিতেন। গত তিন ধরে বছর ধরে তিনি ওই উপজেলার ভাই ভাই নামের একটি আবাসিক হোটেলের ২ য় তলার ২০ নম্বর রুমে বসবাস করতেন।
ওই হোটেলের আরেক বাসিন্দা ও পল্লী চিকিৎসক মাসুদ জানান, ৪-৫ দিন যাবৎ ইদ্রিসুর রহমান জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভূগছিলেন। তিনি খাওয়া-দাওয়া করতে পারতেন না। শুক্রবার গভীর রাতে তাকে ফলমুল খাওয়ানো হয়েছিল। শনিবার সকাল ১১ টার সময় তার খোঁজ নিতে গেলে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান ওই পল্লী চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় নয়, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে স্ট্রোকে। মরদেহ নেওয়ার জন্য তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।