চট্টগ্রামের ম্যানোলা পাহাড়ে অভিযান, ম্যানেজারের কারাদণ্ড
ম্যানোলা পাহাড় কেটে দোকানের প্লট করা হচ্ছে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৭:০৯ | আপডেট: ১২ জুলাই ২০২০ | ০৭:৪০
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যানোলা পাহাড় কাটার সময় হাতেনাতে ধরা পড়া জহির উদ্দিন নামে পাহাড় কাটা প্রতিষ্ঠানটির ম্যানেজারকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই পাহাড়ের মালিক নুরুল আজিমকে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের তলব করা হয়েছে।
রোববার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌস এ দণ্ড দেন। আর এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী। ম্যানেজার জহিরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী সমকালকে বলেন, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে পাহাড় কাটার সময় জহির উদ্দিন নামে ম্যানেজারকে ধরেছি। তারপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ ধ্বংস ও পাহাড় কাটার অপরাধে তাকে তিনদিনের জেল দেওয়া হয়। পাহাড়ের মালিককে ১৪ জুলাই পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে। তারপর শুনানি শেষে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছি আমরা।
প্রসঙ্গত, রোববার সমকালে ‘সংরক্ষিত ম্যানোলা পাহাড় কেটে দোকান প্লট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তারপরই ম্যানোলা পাহাড়ে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
তিনদিনের কারাদণ্ড পাওয়া জহির উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খায়ের আহমেদের ছেলে। আর পাহাড়ের মালিক নুরুল আজিমের বাস করেন নগরীর লালখান বাজার এলাকায়।
- বিষয় :
- ম্যানোলা পাহাড়
- অভিযান
- কারাদণ্ড
- চট্টগ্রাম