জয়পুরহাটে নিখোঁজের পরদিন মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৩:১৪
জয়পুরহাটের পাঁচবিবিতে সোহাগ হোসেন (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোহাগ ওই গ্রামের মৃত আমিনের ছেলে। সে উপজেলার উচঁনা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাড়ি থেকে বের হয় সোহাগ। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন। রাতে গ্রামের মসজিদের মাইকে ওই ছাত্রের নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে নন্দইল গ্রামের বুড়া বিবির মাজার এলাকার একজন স্থানীয় কচুর শাক তুলতে গিয়ে কলা গাছের সঙ্গে সোহাগের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনছুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছে না। রির্পোট পেলেই আসল রহস্য জানা যাবে।