ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লালপুরে পানিবন্দী ৩ শতাধিক পরিবার

লালপুরে পানিবন্দী ৩ শতাধিক পরিবার
×

লালপুরে বৃষ্টির পানি জমে পানিবন্দী হয়ে পড়েছেন ৩ শতাধিক পরিবার

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৩:৪৩ | আপডেট: ১৪ জুলাই ২০২০ | ০৩:৫২

ভারি বর্ষণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ৩শতাধিক পরিবার। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বয়স্ক সদস্যরা। 

সরেজমিনে দেখা গেছে,নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়ালিয়া পূর্ব কারিগর পাড়া, আমিন পাড়া ও হিন্দুপাড়া গ্রামের প্রায় ৩শাতাধিক পরিবার ১০ দিন যাবত পানিবন্দী হয়ে আছেন। বসত ঘর ও বাড়ির উঠানে জমে আছে হাঁটু পানি। প্রতিদিন পানি পেরিয়ে তাদের দৈনন্দিন কাজ করতে হচ্ছে। দীর্ঘ সময় পনিবন্দী থাকায় পরিবারগুলোর বিভিন্ন সদস্যর মধ্যে দেখা দিতে শুরু করেছে পানি বাহিত রোগ।

ওই সব এলাকার ভুক্তভোগী বাসিন্দা আতিয়া, ফজলুর, রনি ও কহিনুর বেগম জানান, আগে যে জমি দিয়ে এই তিন গ্রামের পানি নিস্কাশন হতো সেই জাইগায় মাটি দিয়ে বন্ধ করার ফলে এবার আষাঢ়ের লাগাতার বৃষ্টির পানি জমে তাদের বাড়িতে উঠেছে। তারা আরো জানান, পানি নিস্কাশনের জন্য জমির মালিককে অনেক অনুরোধ করেও কাজ হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তারা ।

ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই তিন গ্রামের পানি আগে পূর্ব পাড়ার গ্রামের গ্রামীন টাওয়ারের নিকট দিয়ে একটি ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে খলিসা ডাঙ্গা নদীতে নামতো। কিন্তু এবার সেই জমির ড্রেন বন্ধ করে দেওয়ার ফলে পানি নামতে পারছে না। ফলে ওই তিন গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তিনি আরো বলেন, পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা করতে হলে ড্রেন নির্মাণ করতে হবে।

এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। যে জমি দিয়ে পানি নিষ্কাশন হতো সেই জমির মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত পানি নিস্কাশনে ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

×