ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, গুলিবিদ্ধ ‘ডাকাত’ গ্রেফতার

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, গুলিবিদ্ধ ‘ডাকাত’ গ্রেফতার
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৪:২৯

বগুড়ায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ জিল্লুর রহমান ওরফে জিল্লু কানা (৪৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত সোয়া ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান জাদুঘরের পাশে নাগরজানী এলাকায় ওই ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতারের পর চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের হামলায় পুলিশের ৩ সদস্যও আহত হয়েছেন। তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জিল্লুর রহমান ওরফে জিল্লু কানা পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান , ২টি হসুয়া, ৪টি লোহার রড, ১টি গাছকাটা করাত এবং ১ টি গাছের ডালের তৈরি লাঠি উদ্ধার করা হয়েছে। 

জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ২টার পর খবর আসে যে, ১০/১২জন ডাকাত মহাস্থান জাদুঘরের কাছে নাগরজানী এলাকায় যানবাহন আটকে ডাকাতি করছে। এ সময় জাদুঘর পুলিশ ক্যাম্পের এসআই চাঁন মিয়া একদল পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। তখন সোনাতলা থেকে বগুড়া-১ আসনের নির্বাচনী দায়িত্ব পালন শেষে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খুদা শুভ ওই পথ দিয়ে ফিরছিলেন। একই সময়ে খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান জাদুরের উত্তর দিকে মশলা গবেষণা ইন্সটিটিউট এলাকায় পৌঁছেন। 

তিন দিক থেকে পুলিশের ঘেরাওয়ের মধ্যে পড়ে ডাকাত দল বেপরোয়া হয়ে ওঠে এবং গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন আত্মরক্ষার্থে পুলিশও শর্টগান দিয়ে পাল্টা গুলি চালায়। কয়েক মিনিট ধরে গুলি বিনিময় চললেও এক সময় অপর প্রান্ত থেকে গুলি ছোঁড়া বন্ধ হয়। তখন পুলিশ জাদুঘরের পাশে ধান ক্ষেতে গুলিবিদ্ধ অবস্থায় জিল্লুর রহমানকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বগুড়া শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, গুলিবিদ্ধ ডাকাত জিল্লুর চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও  অস্ত্র আইনসহ প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে। ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×