বগুড়ায় আরও ৪৫ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৪:৩৬
বগুড়ায় ২৩৩টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৮ জনে দাঁড়াল।
মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে ১৩ জুলাই করা নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।
ব্রিফিংয়ে ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ১২ জুলাই সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় জেলায় আরও ৫৯ জন সুস্থ হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা ২ ব্যক্তি মারা গেছেন। জেলায় করোনা থেকে মোট ১ হাজার ৮৯৬ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছন ৭২ জন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান জানান, ১৩জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৫ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৪৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২০টি।
ডা. মোস্তাফিজুর রহমান আরও জানান, নতুন করে আক্রান্ত ৪৫ জনের তেমন কোনো উপসর্গ নেই। ফলে তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। অবশ্য প্রয়োজন হলে তাদেরকে হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।