এনসিপির জুলাই যাত্রা খুলনায় যাবে শুক্রবার, দুটি স্থানে হবে পথসভা
আয়োজকদের সংবাদ সম্মেলন
এনসিপির খুলনা জেলা কমিটির সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ১৮:৩৬
জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) জুলাই পদযাত্রা খুলনায় প্রবেশ করবে শুক্রবার। ওই দিন বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এবং সন্ধ্যায় খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস মোড়ে পথসভা করবে সংগঠনটির নেতারা। কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণ, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।
পথসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এনসিপির খুলনা জেলা ও মহানগর নেতারা। এতে জানানো হয়, শুক্রবার দুপুরে যশোর হয়ে কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। নগরীর বাইতুন নূর মসজিদে জুমার নামাজ আদায় শেষে শহীদদের কবর জিয়ারত, বিকাল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, বিকাল ৫টায় শিববাড়ি মোড়ে পথসভা এবং সন্ধ্যা ৭টায় পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা হবে। খুলনায় রাতযাপন করে শনিবার সকালে তাঁরা সাতক্ষীরার উদ্দেশে যাত্রা করবেন।
জেলা কমিটির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ, ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজীব মোল্লা, রাফসান রফিক ওশান, সানজিদা আফরিন আখি, জয়বৈদ্য প্রমুখ।
মহানগর সংগঠকদের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহম্মদ হামীম রাহাত, ফরিদ পাঠান, ইকবাল মোড়ল, তুহিন, এড. মঈনুল ইসলাম জীবন, রাবেয়া, সাদিয়া শিমু, রমজান শেখ প্রমুখ।
