গোবিন্দগঞ্জে পুকুর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
খালিদ বিন নাঈম পিয়াস
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ২৩:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে খালিদ বিন নাঈম পিয়াস (২৬) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নাচাই কোচাই কৈইপাড়া গ্রামে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খালিদ বিন নাঈম পিয়াস পৌরশহরের মাস্টারপাড়ার খালিদ হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নাচাই কোচাই কৈইপাড়া গ্রামে পুকুর লিজ নিয়ে মাছচাষ করতেন খালিদ বিন নাঈম পিয়াসের বাবা খালিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পিয়াস পুকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন পিয়াসকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। একপর্যায়ে পরিবারের লোকজন ওই পুকুরপাড়ে পিয়াসের জামা-কাপড় দেখতে পায়। পিয়াস সাঁতার জানতেন না। এতে করে পরিবারের লোকজনের সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টার পর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পিয়াসের মরদেহ উদ্ধার করে পুকুর থেকে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই পুকুর থেকে পিয়াসের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। বুধবার সকাল পর্যন্ত পিয়াসের মৃত্যুর কারণ জানা যায়নি।