সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০০:০২
উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং যমুনার পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ জেলা পয়েন্টে পানি ৩৩ সে.মি. বেড়েছে।
জেলা পয়েন্টে বুধবার সকাল ৬টায় পানি বিপদসীমার ৬৮ সে.মি উপরে ছিল। কাজিপুর উপজেলা পয়েন্টে বিপদ সীমার ৯৪ সে.মি উপরে ছিল। যমুনার পানি বাড়ায় কাজিপুর, শাহজাদপুর ও চৌহালীতে ভাঙন বেড়েছে।
পাউবোর পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনার পানি ৩৩ সে.মি. বেড়েছে। জেলা পয়েন্টে পানি বিপদসীমার ৬৮ সে.মি. এবং কাজিপুরে ৯৪ সে.মি. উপরে রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, গত কয়েক দিনে জেলার ৩৫ হাজার পরিবারের প্রায় পৌনে দু’লাখ লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। অধিকাংশ নিজেরা উদ্যোগী হয়ে পাশ্ববর্তী উচু স্থান ও বাঁধে আশ্রয় নিতে শুরু করেছেন।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বুধবার সকালে বলেন, ত্রাণ দপ্তর থেকে ৪’শ মেট্রিক টন চাল, ২ লাখ টাকার শিশু খাদ্য, দু’লাখ টাকার গো-খাদ্য ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্য জেলার বন্যাদুর্গত এলাকার জন্য ১৪২ মেট্রিক টন চাল ও ২ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। ১৭৯টি আশ্রয় কেন্দ্র ও ৩০টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। যে কোনো পরিস্থিতিতে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে অনতে স্ব স্ব উপজেলা কমিটিকে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে।