ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সরকারি বরিশাল কলেজের নামকরণ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন

সরকারি বরিশাল কলেজের নামকরণ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন
×

সরকারি বরিশাল কলেজের নাম ‘মাহাত্মা অশ্বিনী কুমার দত্ত’ করার দাবিতে বাসদের সমাবেশ সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৩:৩৯

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্তের’ নামকরণ বাস্তবায়ন নিয়ে পক্ষ-বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ করেছে করেছে দুই পক্ষ। বুধবার নগরীর প্রাণকেন্দ্র সদর রোড অশ্বীনি কুমার হলের সামনে বেলা ১১টা থেকে ১২ পর্যন্ত মুখোমুখি অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামকরণ বাস্তবায়নের দাবিতে সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দলের নেতারা এ কর্মসূচীর সঙ্গে সংহতি জানিয়ে বক্তৃতা করেন। অপরদিকে নাম পরিবর্তনের বিরোধীতা করে একই সময়ে কলেজের সাবেক সাবেক শিক্ষার্থী ব্যানারে গণস্বাক্ষর গ্রহণ ও সমাবেশ করা হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এ সমাবেশে বক্তৃতা করেন।

এর আগে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের বিরোধীতা করে শনিবার কলেজের সাবেক শিক্ষার্থী ব্যানারে নগর আওয়ামীলীগের একাংশ সমাবেশ করলে বিরোধ প্রকাশ্যে রুপ নেয়। মঙ্গলবার দুপুরে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সভায় ১০১ সদস্যের মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামকরন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

বুধবার সকালে বাসদ অশ্বিনী কুমার হলের সামনে নামকরণ বাস্তবায়নের দাবিতে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল মঙ্গলবার বিকালে। অপরদিকে নামকরণের বিরোধীকারীরা মঙ্গলবার রাতে একই স্থানে একই সময়ে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও আওয়ামীলীগ নেতা হাসান আহমেদ বাবু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের নের্তৃত্বে কয়েকশত নেতাকর্মী সকাল ১০টার আগে অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডের পূর্ব পাশ্র্বে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন।

বাসদ নেত্রী ডা. মণীষা চক্রবর্তীর নের্তৃত্বে বিপুল সংখ্যক নারীসহ কয়েকশত নেতাকর্মী সকাল সাড়ে ১০টায় ফকির বাড়ি সড়কের কার্যালয় থেকে তাদের  দাবির পক্ষে মিছিল বের করেন। মিছিলটি সদর রোড অশ্বিনী কুমার হল অতিক্রম করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার অশ্বিনী কুমার হল এলাকায় ফিরে আসে। তারা নাম বিরোধীকারীদের অবস্থানের ঠিক বিপরীত মুখে সদর রোডের পশ্চিম পাশে দাড়িয়ে সমাবেশ শুরু করেন। মাইকে উভয়পক্ষের উত্তেজিত বক্তব্যে সেখানে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে নগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর সেখানে এসে নাম বিরোধীকারীদের সমাবেশে বক্তৃতা করে চলে যান।

বেলা ১২টায় সমাবেশ শেষ করে বাসদ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে স্মারকলিপি দেয়। তারা চলে যাওয়ার পর নাম বিরোধীতাকারী সামাবেশ শেষ করলেও স্বাক্ষর গ্রহণ কার্যক্রম অব্যাহত রাখে।

উল্লেখ্য, বরিশাল কালিবাড়ি সড়কে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনটি ১৯৬৩ সালে ‘বরিশাল কলেজ’ নাম দিয়ে প্রথমে নাইট ও পরে দিবাকলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে কলেজটি জাতীয়করন করা হয়। স্থানীয় সংস্কৃতিজনদের দাবির মুখে সরকারি বরিশাল কলেজের নামের সঙ্গে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’ যুক্ত করার জন্য গত ফেব্রুয়ারিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রাণালয়ে সুপারিশ পাঠানো হয়। এ সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় বরিশাল শিক্ষা বোর্ডের মতামত চেয়ে গত ২৯ জুন চিঠি দিয়েছে। এর বিরোধীতা করছে কলেজের সাবেক শিক্ষার্থী ব্যানারে নগর আওয়ামীলীগের একটি অংশ।

আরও পড়ুন

×