চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার শেডে অগ্নিকাণ্ড
আগুন নিয়ন্ত্রণে বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ গাড়ির বাইরেও কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিটের ১২টি গাড়ি- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৬:২৬ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ১০:২৮
চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার ৩ নম্বর শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল চারটার দিকে এ আগুনে সূত্রপাত্র। বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ গাড়ির বাইরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নয়টি ইউনিটের ১২টি গাড়ি চেষ্টা চালিয়ে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই শেডে নিলামযোগ্য কেমিক্যাল, ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের দাহ্য পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দরের সদস্য ( প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। দূর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণ করে ৭ কর্মদিবসে রিপোর্ট দিতে বলা হয়েছে তাদের।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সমকালকে বলেন, ‘৩ নম্বর শেডে আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ছাড়াও ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড স্টেশন থেকে নয়টি ইউনিটের ১২টি গাড়ি পৌঁছায়। বন্দর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সবাই উপস্থিত ছিলেন। নিলামযোগ্য কেমিক্যাল, ফেব্রিক্স, কাগজপত্রসহ বিভিন্ন ধরনের দাহ্য পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে।’
বন্দর শেডে আগুন লাগার খবর শুনে বিকেল থেকে আতঙ্কিত ছিল টার্মিনালে থাকা লোকজন। আগুনের লেলিহান শিখা প্রায় তিন কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। তিন নম্বর শেডের আশপাশে থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন সরঞ্জামকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। শেডের কাছাকাছি নোঙ্গর করা জাহাজ থাকায় সেখানেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।
- বিষয় :
- চট্টগ্রাম বন্দর