ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুয়েট ছাত্রদলের খসড়া কমিটিতে থাকা শিক্ষার্থীদের শোকজ

চুয়েট ছাত্রদলের খসড়া কমিটিতে থাকা শিক্ষার্থীদের শোকজ
×

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ১২:৩৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রদলের খসড়া কমিটিতে নাম থাকায় ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। অভিযুক্ত শিক্ষার্থীদের ২৭ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। তারা চাইলে ২৮ জুলাই শুনানিতে উপস্থিত হয়ে নিজের পক্ষে বক্তব্য দিতে পারবেন।

গত বছরের ৭ আগস্ট চুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে চুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়, শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমে সম্পৃক্ততা নিষিদ্ধ।

তবে আদেশ অমান্য করে গত বৃহস্পতিবার ছাত্রদলের ফেসবুক পেজ থেকে চুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার কিছু সময় পর সেই পোস্ট মুছে ফেলাও হয়। পোস্ট মুছে ফেলার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘এটি ছিল খসড়া কমিটি। আপাতত সেটি স্থগিত করা হয়েছে। আমরা পরে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব।’

ছাত্র রাজনীতিমুক্ত চুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করে। কমিটিতে থাকা নেতাদের শাস্তির দাবি করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে তালিকায় দেখা যায়, ছাত্রদলের ঘোষিত কমিটির সভাপতি তড়িৎ কৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী। সদস্যরা হলেন– জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহসভাপতি চন্দন কুমার দাশ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন তন্ময় এবং প্রচার সম্পাদক আহমেদ ইনতিসার।

আরও পড়ুন

×