হাতিয়ায় নৌকাডুবি, ৩ জেলের লাশ উদ্ধার
ফাইল ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৭:৪০
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গুলির চর এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। বুধবার দুপুরে মৃত জেলেদের উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হয়।
মৃত জেলেরা হলেন- হাতিয়ার চর কিং ইউনিয়নের দাস পাড়া গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে প্রাণনাথ (৫০), সুবর্ণচর উপজেলার জুবায়ের বাজার এলাকার নিরঞ্জন দাসের ছেলে শুকলব দাস (২৫) ও একই উপজেলার নোয়াপাড়া গ্রামের অর্জুন দাসের ছেলে সৌরভ (১৩)। এ ঘটনায় নিহতদের পরিবারে বইছে শোকের মাতম। জীবিত উদ্ধার হওয়া জেলেরা সবাই সুবর্ণচর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার সকালে মাছ ধরার উদ্দেশে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ এলাকার জনিষ্ঠ চন্দ্র দাসের একটি মাছ ধরার নৌকা নিয়ে মেঘনা নদীতে যান ১৪ জেলে। মঙ্গলবার বিকেলের দিকে মাছ ধরতে ধরতে জোয়ারের কবলে পড়ে মেঘনার সীমান্তবর্তী ও বঙ্গোপসাগর সংলগ্ন চরগাঙ্গুরিয়া এলাকার মোহনায় চলে যায় তাদের নৌকাটি। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় পাশের জেলে নৌকা ও মাছ ধরার ট্রলার এগিয়ে এসে ১১ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও প্রাণনাথ, শুকলব দাস ও সৌরভ নৌকার ভেতর আটকে পড়েন। বুধবার দুপুরে ওই এলাকায় নৌকাটি ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় কোস্টগার্ড ও জেলেরা নৌকার ভেতর থেকে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও কোস্টগার্ডের হাতিয়া স্টেশান কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ূয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও কোস্টগার্ড বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে মৃতদেহগুলো নিয়ে আসে।
- বিষয় :
- হাতিয়া
- নৌকাডুবি
- লাশ উদ্ধার