হাজতখানায় আসামির ফোন ব্যবহার, ৫ পুলিশ সদস্য প্রত্যাহার
ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ১৭:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ১৭:৫২
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চিহ্নিত ডাকাত শাহীনুর রহমান ওরফে শাহীন হাজতখানায় মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়ার অভিযোগে দুই টিএসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আদালতের কোর্ট পরিদর্শক মো. গোলাম জিলানী। তিনি বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ার পর পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্র জানায়, কোট হাজত থেকে প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন- টিএসআই সুরেন দত্ত, টিএসআই আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর।
৯ জুলাই কক্সবাজার জেলা আদালতে হাজিরা দিতে হাজতখানা থেকে বের করা হয় শাহীনকে। ঠিক তখনই তার পকেটে থাকা মোবাইল ফোন দৃষ্টিগোচর হয়। বিষয়টি ছবি ও ভিডিওসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরদিন শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মুখপাত্র মো. জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা গেছে, শাহীনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ অন্তত ২০টি মামলা রয়েছে। গত ৫ জুলাই ভোরে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাকের আহমদের বাড়ি থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
- বিষয় :
- কক্সবাজার
- পুলিশ
- প্রত্যাহার
- হাজতখানা
