ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জাবিতে গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, আটক ১ 

জাবিতে গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, আটক ১ 
×

ফাইল ছবি

জাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১১:৩৮ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ১১:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম রিয়াজ আহমেদ (রাজ)। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা এবং আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে জানা গেছে।

অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, রিয়াজ বিশ্ববিদ্যালয়ের টিএসসির নারী ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক নারী শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখতে পেয়ে তার পরিচয় এবং সেখানে প্রবেশের কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে থাকা অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান।

পরে উপস্থিত শিক্ষার্থীরা রিয়াজকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করেন। এ সময় ফোনে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এছাড়া তার মোবাইল ফোনে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্ব পাওয়া গেছে, যেগুলোর সঙ্গে এ ধরনের ভিডিও আদান-প্রদানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার ফোনে পূর্বে ধারণ করা নারীদের আরও বেশ কয়েকটি ভিডিওও পাওয়া যায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, 'এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। বিষয়টি জানার পর প্রক্টোরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, 'অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে। মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
 

আরও পড়ুন

×