ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মেয়েকে হত্যার অভিযোগে কারাগারে থাকা মায়ের আত্মহত্যা

মেয়েকে হত্যার অভিযোগে কারাগারে থাকা মায়ের আত্মহত্যা
×

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৯:০৬ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ০৯:৪৯

মাগুরা জেলা কারাগারে সুফিয়া বেগম সাথী (৪০) নামে এক আসামি আত্মহত্যা করেছেন। নিজের ৩ বছরের মেয়েকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ৩ মাস ধরে হাজতবাস করছিলেন তিনি।

বুধবার বেলা দেড়টার দিকে মাগুরা জেলা কারাগারে এ ঘটনা ঘটে। 

মাগুরা জেল সুপার তায়েফ উদ্দিন সমকালকে জানান, বেলা দেড়টার দিকে গোসল করার কথা বলে নারী ওয়ার্ড সংলগ্ন একটি ছোট কয়েদখানায় গিয়ে লোহার দরজার ওপরের দিকের গ্রিলে ওড়না পেঁচিয়ে সুফিয়া আত্মহত্যা করেন। 

তিনি আরো জানান, মেয়েকে হত্যার দায়ে একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ৮ মার্চ সুফিয়া মাগুরা জেলা কারাগারে আসেন। তিনি মানসিক রোগে ভুগছিলেন। গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে আবার জেলা কারাগারের নারী ওয়ার্ডে এনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

উল্লেখ্য, পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত সুফিয়া মাগুরা শহরের হাজী আব্দুল সড়কের একটি বাসায় তার তিন বছরের মেয়েকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে তিনি নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে। ঘটনার রাতেই নিহতের চাচা তমিজউদ্দিন বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যামামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

 


আরও পড়ুন

×