এসএসসি
যশোরে একটি কেন্দ্রের ৪৮ শিক্ষার্থী রসায়নে অকৃতকার্য, সংশোধনে পেল জিপিএ-৫
ফাইল ছবি
যশোর অফিস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ০৫:৩১
গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম রানাকে অকৃতকার্য দেখানো হয়। তিনদিন পর রোববার বিকেলে সংশোধিত ফলাফলে তার জিপিএ-৫ এসেছে। শুধু মিয়ারাজ না, যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীর এমন ফল পরিবর্তন হয়েছে। ওই কেন্দ্রের বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই রসায়ন বিষয়ে অকৃতকার্য ছিল।
মিয়ারাজ ইসলাম জানায়, গত বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে তার ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ-৫, একটিতে এ ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হিসেবে ফল আসে। জিপিএ ৫ হবে- এমন আত্মবিশ্বাস তার ছিল। পরে শিক্ষাবোর্ডের ফল সংশোধনীতে জিপিএ-৫ আসে তার। এই কয়দিন তার বাবা-মাসহ পরিবারের কারো খাওয়া-ঘুম ছিল না। বাড়ির সবার মন খারাপ ছিল। এখন জিপিএ ৫ পেয়ে তার বাড়ির সবাই খুব খুশি।
পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এই কেন্দ্র থেকে এ বছর ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল ৪৮ জন। বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। পরে ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্র সচিবের কাছে জানতে চাওয়া হয়। তখন কেন্দ্র সচিব মো. খান জাহান আলী ফল সংশোধনের জন্যে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।
কেন্দ্র সচিব খান জাহান আলী বলেন, কি কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ে অকৃতকার্য এলো তা আমরা বুঝতে পারিনি। ফল সংশোধনের ব্যবস্থা নেওয়ার জন্যে আবেদন করার পর আজ শিক্ষা বোর্ড গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এজন্যে ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এমনটা হয়েছে। আজ তাদের ফল সংশোধন করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্যে কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- যশোর শিক্ষা বোর্ড
- এসএসসি
- রেজাল্ট
