ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
×

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৯

চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিয়া (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুনেশ্বর গ্রামের উপর হাটি এলাকার মো. আকতার হোসেনের ছেলে। আহত সুমন একই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ ও সুমন দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে পণ্য বিক্রি করতেন।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, সোহাগ ও সুমন মোটরসাইকেলে করে কেরানীহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন এবং সুমন গুরুতর আহত হন।

তিনি বলেন, দুর্ঘটনায় সোহাগের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মরদেহ দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত সুমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×