ভারতে সাজাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
ছবি- সমকাল
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০০
কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৭ জন বাংলাদেশি নারী-পুরুষ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী। তাদের বাড়ি সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, চাঁদপুর, নড়াইল ও বরগুনাসহ দেশের বিভিন্ন জেলায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার প্রতিরোধ টাস্কফোর্সের সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।
জানা গেছে, জীবিকার তাগিদে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাদের তামিলনাড়ুর আতুর-সালেম, থিরুচিরাপল্লি ও ট্রিচির বিভিন্ন সেফ হোমে রাখা হয়। পরে নাগরিকত্ব যাচাই শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধি দল বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এ সময় দুই দেশের বিভিন্ন সরকারি সংস্থা, বিএসএফ, বিজিবি ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা আজিজুর রহমান জানান, কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে কৃষিকাজ ও ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আদালতের রায়ে সাজাভোগ শেষে দেশে ফেরার সুযোগ পান।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ও ‘রাইটস যশোর’ নামে দুটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।