রৌমারীতে পানির তোড়ে ভেসে গেছে ২০ মিটার
রৌমারী উপজেলা সদর রক্ষায় এলজিইডি নির্মিত বাঁধ-রাস্তার ২০ মিটার এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে- সমকাল
কুড়িগ্রাম ও রৌমারী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ১০:৩৮ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ১১:৫০
কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদর রক্ষায় এলজিইডি নির্মিত বাঁধ-রাস্তার ২০ মিটার এলাকা পানির তোড়ে ভেঙে ভেসে গেছে।
বুধবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
তিনি জানান, এখন ওই ভাঙা অংশ দিয়ে ব্রহ্মপুত্র নদের পানি উপজেলা সদর এবং এর আশেপাশের কলেজ পাড়া, জন্তিরকান্দা, বন্দবেড়, পদ্মারচর, বাঘমারা, বালিয়ামারী, চাক্তামারী ও চর নতুন গ্রামে ঢুকতে শুরু করেছে।হু হু করে পানি ঢোকায় রাতের মধ্যে গ্রামগুলো প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এদিকে এলজিইডি'র রৌমারী উপজেলা প্রকৌশলীর দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মেজবাহ আলম জানান, বিগত ২০০৭ সালে এলজিইডি'র ক্ষুদ্র পানি সম্পদ প্রকল্পের আওতায় উপজেলা সদর লাগোয়া বন্দবেড় থেকে কাঁঠালবাড়ী পর্যন্ত ৫ কিলোিমটার বাঁধ-রাস্তা নির্মাণ করা হয়। এই বাঁধ-রাস্তার বাঘমারা এলাকায় ২০ মিটার ভেঙ্গে গেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ জানান, ভাঙা অংশ জরুরীভিত্তিতে মেরামতের জন্য ব্যয়ের প্রাক্কলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে কাজ করা হবে।