স্বাস্থ্যবিধি না মানায় কুয়াকাটায় ২ হোটেল মালিককে জরিমানা
স্বাস্থ্যবিধি না মানায় কুয়াকাটায় দুই হোটেল মালিককে জরিমানা
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ১০:৪১ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ১১:১৬
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হোম কোয়ারেন্টাইনের স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই আবাসিক হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল এ অভিযানের নেতৃত্ব দেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৫ জন শ্রমিকদের জন্য হোম কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে আবাসিক হোটেল রনি। শ্রমিকদের পাশাপাশি পর্যটক রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই হোটেলের মালিক মানিক মিয়াকে।
একই অভিযোগে আবাসিক হোটেল রোজ ভ্যালিতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় পায়রা তাপবিদুৎ কেন্দ্রের শ্রমিকদের জন্য হোম কোয়ান্টাইন হিসেবে ব্যবহৃত ৬টি আবাসিক হোটেলকে লকডাউন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বর্তমানে কুয়াকাটায় মোট ১৪টি আবাসিক হোটেল লকডাউন করা হয়েছে। কুয়াকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থানরত শ্রমিকদের মধ্যে এ পর্যন্ত ২৮ জন করোনা শনাক্ত হয়েছেন বলে পায়রা তা বিদ্যুৎ কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী (ভূমি) জগৎবন্ধু মণ্ডল বলেন, হোম কোয়ারেন্টাইনে শ্রমিক রাখার পাশাপাশি ওই হোটেল দুইটিতে পর্যটকসহ পরিবহন শ্রমিকদের রাখার অপরাধে জরিমানা করা হয়েছে।