বগুড়ায় আরও ৪৫ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০০:৩১ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০৪:৩৩
বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৯২৩ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৩ জনের।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলা হয়, ১৫ জুলাই জেলার দু’টি পিসিআর ল্যাবে করা ২৫৪টি নমুনা পরীক্ষা নতুন করে ৪৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে।
ব্রিফিংয়ে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ১৪ জুলাই সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ১৫ জন সুস্থ হলেন।
তিনি জানান, গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলায় মোট ২৩ হাজার ৪১৪টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ২০ হাজার ৭৪০টির ফলাফল পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. তুহিন আরও জানান, ১৫ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২০ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৬৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ২৫টি।
তিনি বলেন, নতুন করে শনাক্ত ৪৫ জনের তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তাই তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজন পড়লে হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।