সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় তিন পুলিশসহ ২৫ জনের করোনা শনাক্ত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৪:২৯
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় তিন পুলিশ সদস্য ও ছয়জন কর্মকর্তাসহ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৪৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৯০ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ১৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৪৪৯ জন করোনা পজিটিভ ও বাকিদের সব নেগোটভ রিপোর্ট এসেছে।
তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।