ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জ স্ত্রীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ স্ত্রীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার
×

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৫:০০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তারকে (২৫) পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় তার স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জাহাঙ্গীর আলম ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের বাখরিপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং একটি পোশাক কারখানার সুপার ভাইজার। স্মৃতি আক্তার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়াইল গ্রামের রাজমিস্ত্রি আমজাদ হোসেনের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, ৫ বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে হয় স্মৃতির। স্মৃতি তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এই দম্পতির সাব্বির রহমান নামে ৩ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্মৃতির ওপর নির্যাতন চালাত জাহাঙ্গীর। এর মধ্যে বাড়িতে ঘর নির্মাণের কাজ শুরু করে সে। এজন্য স্মৃতিকে বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে স্মৃতির বাবা আমজাদ হোসেন তাকে জমি বিক্রি করে ১ লাখ ২০ হাজার টাকা দেন। কিন্তু কিছুদিন ধরে আবারও দেড় লাখ টাকা চেয়ে স্মৃতির ওপর অত্যাচার শুরু করে জাহাঙ্গীর। এক পর্যায়ে গত শুক্রবার দুপুরে শ্বাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে জাহাঙ্গীর ও তার বড়ভাই শাহজাহান মিয়া রড দিয়ে পিটিয়ে স্মৃতির ডান পা ভেঙে দেয়। এসময় পিটুনিতে স্মৃতির শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এরপর স্মৃতির মা-বাবা ঈশ্বরগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানালে থানার এসআই তানজিল আল আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে উদ্ধার করেন। এরপর তাকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে বুধবার বিকেলে স্মৃতি বাদী হয়ে স্বামী, ভাসুর, শ্বশুর ও শ্বাশুড়িকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, পুলিশ বুধবার রাতে মামলাটি নথিভুক্ত করে। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×