ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেপরোয়া পিকআপের চাপায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২

বেপরোয়া পিকআপের চাপায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২
×

ঘাতক পিকআপ। ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ | ১৯:৪০

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কালিহালা পূর্বপাড়া এলাকায় বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় অরবুলা আক্তার (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদরের কালিহালা হতে বিশরপাশা অভিমুখী পাকা রাস্তার পাশে কয়েকজন বসে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন ১২-৬৮৯৫ নম্বরের একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—সালাম মিয়া ও নূরেজা বেগম।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটিসহ গাড়ির চালক রাব্বীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

×