ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে দুই মাস পর এলো জলাতঙ্কের বিনামূল্যের টিকা

সমকালে সংবাদ প্রকাশ

চট্টগ্রামে দুই মাস পর এলো জলাতঙ্কের বিনামূল্যের টিকা
×

ছবি: প্রতিবেদনের স্ক্রিনশট

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ১৮:৫৪ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ | ০১:১৫

চট্টগ্রামে প্রায় দুইমাস পর অবশেষে পৌঁছেছে জলাতঙ্কের সরকারি বিনামূল্যের টিকা। ফলে গতকাল বৃহস্পতিবার থেকে আবারও নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে বিনামূল্যের টিকা নিতে পারছেন দরিদ্র রোগীরা। 

এর আগে গত ২৪ জুন সমকালে ‘চট্টগ্রামে জলাতঙ্কের টিকা বন্ধ, হুমকিতে জীবন’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন হয়। এটি নজরে আসার পর নড়েচড়ে বসেন দায়িত্বশীলরা। জনভোগান্তি নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করায় সমকালের প্রতি ধন্যবাদ জানান করেন ভুক্তভোগী রোগী, স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষও। 

চিকিৎসকদের মতে, কুকুরসহ কোন প্রাণী কাউকে কামড়ালে দ্রুত সময়ের মধ্যে জলাতঙ্কের টিকা নিতে হয়। জলাতঙ্কের ঝুঁকি থেকে রক্ষা পেতে কামড়ানোর প্রথম দিন থেকে পর্যায়ক্রমে নিতে হয় চারটি টিকা। সময়মতো টিকা না নিলে, জলাতঙ্ক ভাইরাস দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে যেতে পারে। এর ফলে সৃষ্টি হতে পারে মারাত্মক স্নায়ু প্রদাহ। চট্টগ্রামে সরকারিভাবে নগরীর দ্বিতীয় বৃহৎ জেনারেল হাসপাতালেই কেবল জলাতঙ্কের টিকা দেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের পাশাপাশি জেলার ১৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই টিকা নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো কারণ না জানিয়েই গত মে মাসের মাঝামাঝি থেকে হঠাৎ বন্ধ  হয়ে যায় টিকার সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। 

হাসপাতালের তথ্য বলছে, প্রতিদিন ৬০ থেকে ৮০ জনের মতো রোগীর টিকার প্রয়োজন হয়। একাধিকবার চাহিদাপত্র পাঠানোর পরও ঢাকা থেকে কোনো টিকা আসেনি এতদিন। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের কাছে টিকা এসে পৌঁছেছে। তাই আবারও রোগীদের বিনামূল্যে টিকা দিতে পারছি। এতে রোগীদের মতো স্বস্তি ফিরে এসেছে সবার মধ্যে। টিকার সরবরাহ বন্ধের কারণে রোগীদের ভোগান্তি ও জীবন হুমকিতে পড়া নিয়ে সমকালে প্রকাশিত প্রতিবেদনটি দায়িত্বশীলদের নজরে পড়ে। আমি মনে করি জনভোগান্তি কমাতে গণমাধ্যম অনেক বড় ভূমিকা রাখছে।’

আরও পড়ুন

×