চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ২০:৫৫
তিন দিনের যাত্রী ভোগান্তি শেষে অবশেষে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে দুই জেলার মালিক-শ্রমিক পক্ষের সভার পর বেলা সাড়ে ৩টা থেকে বাস চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
সাইদুর জানান, সভায় প্রতিটি বাসের সময় নিয়ে নজরদারি ও বিলম্ব জরিমানা চালু, চাঁপাইনবাবগঞ্জ থেকে গোদাগাড়ী এবং রাজশাহীর বিন্দুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত রাস্তা ৪০ মিনিটের মধ্যে পৌঁছানো বাধ্যতামূলক সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার জানান, রাজশাহীর গোদাগাড়ীতে বিলম্ব জরিমানা না থাকায় আগে ও পরের বাসের সময় নিয়ে বিরোধের সূত্রপাত। তাই ৪০ মিনিটের মধ্যে দুটি নির্ধারিত স্থানে প্রতিটি বাসকে ছাড়পত্র নিতে হবে। অন্যথায় বিলম্ব হলে ওই বাস কর্তৃপক্ষ পরের বাস কর্তৃপক্ষকে ১০০ টাকা জরিমানা দেবে। এ ছাড়া রাজশাহীর চালক রঞ্জু ও চাঁপাইনবাবগঞ্জের বাসচালক বাবুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সভা শেষে উভয় পক্ষ নিজ নিজ এলাকা থেকে বাস চালাতে সম্মত হলে মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বাস চলাচল আরম্ভ হয়।
গত শনিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে বিরতির সময় নির্ধারণকে কেন্দ্র করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওইদিন সন্ধ্যা থেকেই এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, মালিক সমিতির পক্ষে নেয়ামত খান ও শামীম হোসেন, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষে সাধারণ সম্পাদক হেলাল হোসেন, রাজশাহী শ্রমিক ইউনিয়নের সভাপতি তোতা ইসলাম ও সাধারণ সম্পাদক পাখি।
