ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইবি ক্যাম্পাস সংস্কার ও ছাত্র মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

ইবি ক্যাম্পাস সংস্কার ও ছাত্র মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি
×

বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ০৩:২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সাজিদ আবদুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ও জুলাই বিপ্লবের আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

শনিবার বেলা সাড়ে ৩টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে সেক্রেটারি ইউসুব আলী ও অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ পাঁচ শতাধিক বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’, ‘যদি না হয় সংস্কার, এই প্রশাসন কী দরকার’, ‘কর্মকর্তারা জমিদার, লাঞ্চ করতে দিন পার’, ‘অনলাইন পেমেন্ট চালু করো, ভোগান্তি দূর করো’, ‘ইবিতে ছাত্র সংসদ, চালু করো করতে হবে’, ‘ইকসু নিয়ে টালবাহানা, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া ক্যাম্পাস সংস্কারের বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড তাদের হাতে শোভা পায়।

মিছিল-পরবর্তী সমাবেশের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা ভেবেছিলাম, জুলাইয়ের পর আমাদের আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। কিন্তু ক্যাম্পাস কতটা অনিরাপদ হলে ক্যাম্পাসে আমাদের ভাইয়ের লাশ পাওয়া যায়? এটির কোনো সিসিটিভি ফুটেজ বা নির্ভরযোগ্য কোনো তথ্য-উপাত্ত এখন পর্যন্ত প্রশাসন দিতে পারেনি। এ ছাড়া জুলাই বিপ্লবের এক বছর পার হলেও প্রশাসন ক্যাম্পাসে উল্লেখযোগ্য কোনো সংস্কার করতে পারেনি। এর মধ্য দিয়ে তারা জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

আরও পড়ুন

×