তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
তিস্তা ব্যারাজ
রংপুর অফিস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৫:৪৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৫:৫৪
কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। সেখানে রোববার সকাল ৬টায় পানিপ্রবাহ ছিল ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার। অর্থাৎ দুই সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। বিকেল তিনটায় পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, অর্থাৎ বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তা ব্যারাজে নিয়োজিত পানি পরিমাপক নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে, তিস্তা নদী সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নদীপারের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে।
রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, উজানে তিস্তা ব্যারাজে নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হলে ভাটি এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। ব্যারাজের জলকপাট খুলে দেওয়ায় নদীপারের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে রাতের মধ্যে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
- বিষয় :
- তিস্তা ব্যারেজ
- বন্যা
