কুমিল্লায় সাবেক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা
নিহত সাবেক ইউপি সদস্য। ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ১৭:৩৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১৭:৪৭
কুমিল্লায় মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। রোববার দুপুর সোয়া একটার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার চান্দাশ এলাকায় এ ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আলাউদ্দিনের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তবে গুলি করেছে কিনা চিকিৎসকরা বলতে পারবেন। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের স্বজনরা বলেন, দীর্ঘদিন ধরে একই এলাকার সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ও সালাহ আহমেদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার দুপুরে আলিয়ারা গ্রামে ওঁৎ পেতে থাকে একদল দুর্বৃত্ত। আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়িতে প্রবেশের সময় তার হাত বেঁধে সিএনজিচালিত অটোরিকশাতে তুলে নেয়। পরে বাড়ি থেকে অন্তত ১০ কিলোমিটার দূরে চান্দাশ এলাকায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে দেয়। পরে স্বজনরা আলাউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত আলাউদ্দিনের ভাগ্নে আনোয়ার হোসেন বলেন, দুপুরে সিএনজিতে করে তার মামাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে আমি ওই সিএনজির পিছু নিলে চান্দাইস এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা আমার মামাকে গুলি করে ফেলে দিয়ে যায়। এ হত্যাকাণ্ডের জন্য তিনি সালাহ আহমেদের লোকজনকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে চেষ্টা করেও সালেহ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, ওই এলাকায় কয়েকটি গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘ ২০-২৫ বছরের। কিন্তু আলাউদ্দিন মেম্বারকে কারা হত্যা করেছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই দ্বন্দ্ব নিরসনে আগেও অনেকে চেষ্টা করা হয়েছিল শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
- বিষয় :
- কুমিল্লা
- ইউপি সদস্য
- গুলি করে হত্যা
