ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নাটোর চিনিকলে ডাকাতি: তিন নিরাপত্তাকর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

নাটোর চিনিকলে ডাকাতি: তিন নিরাপত্তাকর্মী বরখাস্ত, তদন্ত কমিটি
×

ছবি: সমকাল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ২১:৪৭

নাটোরে চিনিকলে ডাকাতির ঘটনায় তিন নিরাপত্তাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে একটি ডাকাত দল মিলের পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মিল হাউজ, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন ইউনিট থেকে নতুন ও পুরোনো ধাতব মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়। ডাকাতির সময় মিলের ১২ জন নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়।

ভোর চারটার দিকে শিফট পরিবর্তনের সময় নতুন কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে বিষয়টি মিল কর্তৃপক্ষকে জানান। পরে ঘটনাস্থলে ছুটে যান নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সেনাবাহিনীর সদস্য ও চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনার পরপরই নিরাপত্তা ইনচার্জ আলাফাত কামালসহ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী হাবিলদার বদর উদ্দিন বেগ, নিরাপত্তাকর্মী সাব্বির ও আরেকজনকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিনিকল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য মিলের মহাব্যবস্থাপক (কৃষি) ফেরদৌস উল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডাকাত দল প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। যেসব ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

আরও পড়ুন

×