হকারের ঘুসিতে আরেক হকার নিহত
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ২১:১৮
নারায়ণগঞ্জে ফুটপাতে বসার জায়গা নিয়ে বিরোধের জেরে এক হকারের ঘুসিতে বিমান রহমান ওরফে ঈমান (৫০) নামের আরেক হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ঈমান সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। তাঁর স্ত্রী রোকেয়া বেগমের ভাষ্য, তাঁর স্বামী নারায়ণগঞ্জ ক্লাবের সামনের ফুটপাতে ফুল ও মেহেদী পাতা বিক্রি করেন। কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ঈমানের জায়গায় গাউস নামের আরেক হকারকে বসানোর পাঁয়তারা শুরু করেন। বৃহস্পতিবার সকালে মেহেদী পাতা বিক্রি করছিলেন তাঁর স্বামী। এ সময় গাউস এসে মেহেদী পাতা ছুড়ে ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ঈমানকে ঘুসি মারেন গাউস। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ওই থানার ওসি নাসির আহম্মদ জানান, ঈমান ও গাউস দুজনই দ্বিগুবাবুর বাজারের প্রবেশ মুখের সামনে ফুটপাতে পাশাপাশি বসে ফুল ও মেহেদী পাতা বেচাকেনা করেন। সেখানে বসার জায়গা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ঈমানকে কয়েকটি ঘুসি মারেন গাউস। এতে ঈমান অজ্ঞান হয়ে পড়লে গাউস তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করার পরপরই গাউস পালিয়ে গেছেন।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- ঘুষি
- মৃত্যু
