এগিয়ে যাওয়ার পথের একটি বাধা কাটল তাদের
ফরিদপুরে শনিবার একটি শিশুর হাতে জন্মসনদ তুলে দেন অতিথিরা সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০০:০৯
ফরিদপুরের নিষিদ্ধ পল্লির যৌনকর্মীর শিশুসন্তানদের এগিয়ে যাওয়ার পথের একটি বাধা কাটল। তাদের দেওয়া শুরু হয়েছে জন্মনিবন্ধন বা জন্মসনদ, যা দিয়ে এসব শিশু ভর্তি হতে পারবে স্কুলে। পড়তে হবে না কোনো দাপ্তরিক জটিলতায়।
গতকাল শনিবার দুপুরে ফরিদপুর পৌরসভার হলরুমে শাপলা মহিলা সংস্থার উদ্যোগে প্রথম পর্যায়ে ফরিদপুরের রথখোলা ও সিঅ্যান্ডবি ঘাটের দুটি যৌনপল্লির ৩৫ শিশু এবং যৌনকর্মীকে এ জন্মসনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ।
শাপলা মহিলা সংস্থা জানায়, পল্লি দুটিতে ৩৮৯ জন যৌনকর্মী রয়েছেন। তাদের শিশুসন্তান রয়েছে ২৯৬ জন। তাদের মধ্যে অনেকেরই জন্মনিবন্ধন করতে না পারায় স্কুলে ভর্তি জটিলতায় ভুগছিল। যৌনকর্মীর সন্তানদের আবাসিকের পাশাপাশি পড়ালেখার সুবিধা দিয়ে আসছে শাপলা মহিলা সংস্থা। শহরতলির গেরদায় শিশুদের আবাসনের জন্য গড়ে তোলা হয়েছে ভবন। বর্তমানে সেখানে ৫০ জন ছাত্রী ও ৩৫ জন ছাত্র রয়েছে।
জন্মসনদ বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, দ্য ফ্রিডম ফান্ডের সহযোগিতায় এসব শিশু ও যৌনকর্মীকে জন্মসনদ দেওয়ার উদ্যোগ নেয় শাপলা মহিলা সংস্থা। সেই ধারাবাহিকতায় বাবার নাম-পরিচয় ছাড়াই বিশেষভাবে এই জন্মসনদ তৈরি করে স্থানীয় সরকার বিভাগ, যা ফরিদপুর পৌরসভার মাধ্যমে বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এই জন্মসনদের মাধ্যমে এই বিশেষ শিশুরা সব নাগরিক সুবিধা ভোগ করবে। তাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. সোহরাব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দ্য ফ্রিডম ফান্ডের বাংলাদেশের প্রতিনিধি খালেদা আক্তার, শাপলা মহিলা সংস্থার উপনির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী প্রমুখ।
- বিষয় :
- জন্মসনদ
