ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরাইলে যানজটে আটকা পড়া মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ

সরাইলে যানজটে আটকা পড়া মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ
×

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ১৩:০২

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ ডাকাত দল মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইলসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।

শুক্রবার ভোরে মহাসড়কের সরাইলের শাহবাজপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া একটি মাইক্রোবাসের যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রুবেল আরিফ জানান, তারা কয়েক বন্ধু মাইক্রোবাসে সিলেটে বেড়াতে যাওয়ার পথে শাহবাজপুর এলাকায় যানজটে আটকা পড়েন। রাত পৌনে চারটার দিকে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত তাদের এবং পাশের একটি মাইক্রোবাসে হামলা চালায়। এ সময় তাদের গাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, পাঁচটি দামি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

তিনি জানান, পাশের মাইক্রোবাস থেকেও লক্ষাধিক টাকাসহ ৩-৪টি মোবাইল লুটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটার কয়েক মিনিটের মধ্যেই সরাইল থানার এসআই আবীর আহমেদের নেতৃত্বে সরাইল থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছান।

প্রসঙ্গত, মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় গত বুধবার রাতে বালুবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে বৃহস্পতিবার দিনভর ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতেও ওই এলাকায় যানজট অব্যাহত ছিল।

এদিকে ডাকাতির বিষয়টি জানার জন্য এসআই আবীর আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরীর এ বিষয়ে জানান, মহাসড়কের যানজটে বিশ্বরোড এলাকায় ব্যস্ত থাকায় ডাকাতির ঘটনা শোনেননি।

বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিশ্বরোড গোলচত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এবং ঘটনাস্থল সরাইল থানাপুলিশ দেখভাল করায় ডাকাতির খবর তিনি পাননি বলে দাবি করেন।

আরও পড়ুন

×