নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
প্রতীকী ছবি
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৫:১৮
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে নিজের মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা করেছেন স্ত্রী। গত রোববার রাতে উপজেলার ঘোপখালী গ্রামের ওই নারী বাদী হয়ে স্বামী সেলিম বেপারীর (৫০) নামে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সোমবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন করেছে। ঘটনার পর থেকেই লম্পট সেলিম বেপারী পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘোপখালী গ্রামের আ. রব বেপারীর ছেলে ৫ সন্তানের জনক লম্পট সেলিম বেপারী তার নিজের মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হয়ে প্রতিবাদ করলে মেয়েটির ওপর মানসিক ও শারিরীক নির্যাতন চালায়। এক পর্যায়ে চলতি মাসের ৫ জুলাই হতদরিদ্র পরিবারের মেয়েটির মাকে কৌশলে বাজার করার কথা বলে হাটে পাঠায় সেলিম। এরপর ঘরে একা পেয়ে সেলিম নিজের মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে বাজার থেকে ফিরে এলে মেয়েটি তার মায়ের কাছে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। এরপর ধর্ষণের শিকার মেয়েটির মা বিষয়টি স্বামীর কাছে জিজ্ঞেস করিলে সেলিম বেপারী ক্ষিপ্ত হয়ে বলে, বিষয়টি কাউকে জানালে এবং মামলা-মোকদ্দমা করিলে মা, দুই শিশুকে খুন-জখম করবে সে। পরে স্বামীর অব্যাহত অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মীয়-স্বজনের সাথে আলাপ-আলোচনা করে ঘটনার ১৭ দিন পরে থানায় মামলাটি দায়ের করেন ওই নারী।
ধর্ষণের শিকার মেয়েটি সাংবাদিকদের কাছে বলেন, ‘বাবা এর আগেও আমাকে চাকরির কথা বলে চট্ট্রগ্রামে নিয়ে আমার ওপর পাষবিক নির্যাতন করে। পরে আমি আত্মহত্যা করার হুমকি দিলে আমার ওপর মানসিক নির্যাতন চালায়।’
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।