ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাগেরহাটে ক্রেতাশূন্য পশুর হাট

বাগেরহাটে ক্রেতাশূন্য পশুর হাট
×

হাটে পশু আছে ক্রেতা নেই -সমকাল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৫:৫৫

কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও তেমন বেচাকেনা নেই। করোনার কারণে জেলার বাইরের ব্যবসায়ীরা পশু কিনতে আসছেন না। বাকি সময়ে আদৌ হাট জমবে কিনা, ক্রেতারা আসবেন কিনা- এ ধরণের নানা চিন্তা পেয়ে বসেছে বিক্রেতাদের। এছাড়াও করোনা পরিস্থিতিতে তারা লাভবান হতে পারবেন কিনা- সে চিন্তাও মাথায় ঘুরপাক খাচ্ছে। সব মিলিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না খামারি ও পশু ব্যবসায়ীদের।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলার অন্যতম বৃহৎ পশুরহাট বেতাগা হাটে প্রচুর পরিমাণ পশু দেখা যায়। পশুর সঙ্গে হাটে মানুষের সংখ্যাও কম নয়। কিন্তু ক্রয় বিক্রয় নেই। হাট ইজারাদারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের প্রচেষ্টা থাকলেও ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে স্বাস্থ্যবিধির বালাই নেই।

খামারিরা বলছেন, সারাবছর গরু লালন-পালন করি কোরবানির হাটে বিক্রির জন্য। এবার করোনা আসার পরে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার পরেও বাধ্য হয়ে খাবার খাইয়েছি। এখন হাটে গরু নিয়ে আসছি। কিন্তু ব্যবসায়ী ও ক্রেতা নেই বললেই চলে। যারা আছে তারা গরুর প্রকৃত দামের অর্ধেকও বলছেন না। কোরবানির আছে মাত্র কয়েকদিন। এখন ভাল দামে না বিক্রি করতে পারলে আর কি করব। এবার লোকসানের আর শেষ নেই আমাদের।

রবিউল নামের এক খামারি বলেন, পশু খাদ্যের অতিরিক্ত মূল্য। এছাড়া অন্যান্য খরচ মিলে গরু লালন-পালনে ব্যয় বেড়েছে। হাটে ক্রেতা সমাগম না হলে লোকসান হবে বলে মনে করছেন তিনি।

ব্যবসায়ীরা বলছেন, কোরবানি উপলক্ষে এবছর যে গরু কিনেছি। তাতে আমাদের লস হবে। প্রত্যেকটি গরু দাম ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা কম বলছে বাজারে। বাজারে ক্রয়-বিক্রয় একদম কম। তার উপর খাজনা গতবারের থেকে বেশি। এই অবস্থা থাকলে আমাদের লসে পরতে হবে।

গরু ব্যবসায়ী আলামিন আলম বলেন, তার কোরবানিযোগ্য ১০টি গরু রয়েছে। কিন্তু করোনার পরিস্থিতির কারণে এবার গরু কেনায় আগ্রহী কোনো ব্যাপারির দেখা পাওয়া যাচ্ছে না। এতে করে পশুর হাটে ক্রেতার অভাবে দাম পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে খামারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই বলেছেন, করোনার কারণে সঙ্কটে রয়েছেন মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা। যারা সাধারণতঃ একাধিক ভাগে কোরবানি দিয়ে থাকেন। তাদের অনেকেই চলতি বছর কোরবানি দিতে পারবেন কিনা- তা নিয়ে সংশয় রয়েছে। এতে কোরবানির পশু বিক্রি কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

হাট ইজারাদাররা বলেন, করোনা পরিস্থিতির কারণে গত বছরের থেকে এবছর ক্রয়-বিক্রয় অনেক কম। আমরা চেষ্টা করছি হাটে শতভাগ স্বাস্থ্যবিধি বজায় রাখতে। জেলার ৯ উপজেলায় ২০টি স্থায়ী পশুর হাট রয়েছে। এবছর কোন অস্থায়ী ও মৌসুমী হাট বসবে না বাগেরহাটে।

জেলা প্রাণি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, করোনা পরিস্তিতিতে নিয়ম- শৃঙ্খলা মানার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক হাটে গরু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার জন্য সকলকে সতর্ক করা হচ্ছে। 

আরও পড়ুন

×