এমসি কলেজ মাঠের পশুর হাট সরানোর দাবিতে আল্টিমেটাম
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৬:১৩
সিলেটে ঐতিহ্যবাহী মুরারীচাঁদা কলেজের (এমসি কলেজ) খেলার মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পশুর হাট সরানোর দাবিতে নগরীর টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধ করা হয়। এতে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হলে শাহপরাণ থানা পুলিশের আশ্বাসে ঘণ্টাখানেক পর অবরোধ প্রত্যাহার করা হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে কলেজ মাঠ থেকে কোরবানির পশুর হাট সরানোর ঘোষণা না দিলে বুধবার দুপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণের কথা বলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) অস্থায়ীভাবে তিনটি মাঠে পশুর হাট বসানোর জন্য দরপত্র আহবান করে। নগরীর চৌহাট্টা এলাকায় সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে পশুর হাট বসানোর প্রতিবাদে মাঠে নামে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ ছাড়া কয়েকটি ইসলামি দলের প্রতিবাদের মুখে মাদ্রাসা মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসে সিসিক। এমসি কলেজ মাঠে পশুর হাট বসানোর প্রতিবাদ জানিয়েছে আসছেন শিক্ষার্থী, এলাকাবাসী ও ক্রীড়া সংগঠকরা। প্রথম থেকে প্রতিবাদ হলেও সিসিক পশুর হাট বসাতে অনড় অবস্থানে রয়েছে।

এমসি কলেজ মাঠে পশুর হাট বসানো ঠেকাতে ইতিপূর্বে সাধারণ শিক্ষার্থীরা মাঠের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে। এছাড়া কলেজের সামনে ও মাঠের প্রধান ফটকের সামনে পৃথক মানববন্ধন করেছেন তারা। এভাবে পশুর হাট বসালে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যাবে উল্লেখ করে এলাকাবাসী জেলা প্রশাসক, সিসিক মেয়র ও এমসি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপিও দিয়েছেন। এসবে কাজ না হওয়ায় মঙ্গলবার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা অভিযোগ করেন, এমসি কলেজের মাঠ নিয়ে দীর্ঘ দিনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এবারে পশুর হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, মঙ্গলবার টিলাগড় এলাকায় সড়ক অবরোধের খবর পেয়ে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।