অভিভাবকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের বাড়িতে বিদ্যালয়ের পরীক্ষা
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৮:৩৩ | আপডেট: ২১ জুলাই ২০২০ | ১০:৩৬
মিঠাপুকুরের ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে পরীক্ষা (হোম এক্সাম) শুরু হয়েছে। করোনার প্রভাবে শিক্ষার্থীদের পড়ালেখা ধরে রাখার কৌশল হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।
করোনার কারণে মার্চ থেকে সারা দেশের মতো ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় পিছিয়ে পড়ছে। এ অবস্থায় তাদের পড়ালেখার মান ধরে রাখার কৌশল হিসেবে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় কর্তৃপক্ষের সরবরাহ করা প্রশ্নপত্র ও খাতা দিয়ে অভিভাবকেরাই পরীক্ষা নিচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান বুলবুল বলেন, ‘দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। তাই, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের পরামর্শে এ সিদ্ধান্ত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সরবরাহ করা প্রশ্নত্রে প্রত্যেক অভিভাবক পরীক্ষা গ্রহণের কাজ সম্পন্ন করে উত্তরপত্র বিদ্যালয়ে পৌঁছে দেবেন। এরপর খাতা মূল্যায়ন করে নম্বর দেওয়া হবে।’
ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল কবির টুটুল বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার মান ধরে রাখতে সবার সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’